ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই সুনামগঞ্জ–১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খাঁনের পক্ষে পুরো আসনজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে পৃথকভাবে প্রচার মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নেও আলাদাভাবে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল বের করা হয়। এসব মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত সমর্থকরা নানা স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করেন। স্লোগানগুলোতে উঠে আসে সৎ নেতৃত্ব, ন্যায়ভিত্তিক সমাজ এবং সমান উন্নয়নের প্রত্যাশা। প্রচার মিছিলগুলো এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।
মিছিলে অংশ নেওয়া তোফায়েল আহমেদ খাঁনের সমর্থকরা বলেন, “সুনামগঞ্জ–১ আসনে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। এই আসনের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে একজন সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন, যা দাঁড়িপাল্লাই দিতে পারে।”
সাধারণ ভোটাররাও এই সমর্থন প্রকাশ করেছেন। মিছিলে উপস্থিত একাধিক ভোটার জানিয়েছেন, অপার সম্ভাবনাময় খনিজ সম্পদে ভরপুর সুনামগঞ্জ–১ আসনের সঠিক উন্নয়নের জন্য মাওলানা তোফায়েল আহমেদ খাঁনই উপযুক্ত। তাঁদের মতে, এই আসনে একজন যোগ্য ও সৎ প্রতিনিধির নির্বাচিত হলে চারটি উপজেলাতেই সমানভাবে উন্নয়ন হবে এবং জনপদ নিরাপদ ও শান্তিপূর্ণ থাকবে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রথম দিনের এই ব্যাপক গণসংযোগ ও জনসমর্থন মাওলানা তোফায়েল আহমেদ খাঁনের নির্বাচনী প্রচারণাকে শক্ত অবস্থানে নিয়ে গেছে।





