আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।

তারেক রহমান বলেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে বর্বর হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত এবং তিনজন নারী সেনাসদস্যসহ আরও আটজনের আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষায় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী এসব বীর সেনাসদস্য জাতির গর্ব। তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করে তিনি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া আহত সেনাসদস্যদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

একজন সেনা কর্মকর্তার সন্তান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, সাহস ও আত্মত্যাগ তাকে সবসময় অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।