কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দিন (২৪)। তিনি সিপাহী পদে কর্মরত ছিলেন এবং তার সিপাহী নম্বর ১১৪৬০৪। তার বাড়ি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামে। তিনি ওই এলাকার বাবুল মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্র জানায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার প্রস্তুতি হিসেবে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত অস্ত্র গ্রহণ করেন সিপাহী নাসিম উদ্দিন। পরে ক্যাম্পের ব্যারাকের পূর্ব পাশে বাউন্ডারির ভেতরে গিয়ে তিনি নিজের বুকে গুলি করেন।
গুলির শব্দ শুনে তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয় এবং দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





