ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয় অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। তবে এখনো নির্বাচন কমিশন থেকে চাহিদাপত্র পাওয়া যায়নি; চাহিদাপত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে।


ড. সালেহউদ্দিন উল্লেখ করেন, দেশে নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও মোটামুটি নিয়ন্ত্রণে আছে। সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলোও নির্বাচন কমিশন যথাযথভাবে সম্পন্ন করেছে।


ওসমান হাদির চিকিৎসা ব্যয়ের বিষয়ে তিনি বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে যা খরচ হবে, তা কোনো সমস্যা নয়। প্রয়োজনীয় অর্থ অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে সরবরাহ করা হবে।


এর আগে, ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করেন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।