নাটোর প্রতিনিধি: নাটোর জেলার সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন এনসিপি কর্মী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এস এম জার্সিস কাদির বাবু–এর নিজ গ্রামের এনসিপি নির্বাচনী অফিসে নিয়মিত নির্বাচনী আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম চলছিল। এ সময় ধানের শীষের প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল এবং সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস–এর নেতৃত্বে অজ্ঞাত ৪০–৫০ জন লোক দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে অফিসে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলাকারীরা অফিসে ঢুকে এনসিপি নেতাকর্মীদের মারধর করে এবং প্রাণনাশ ও পরিবারের ক্ষতি করার নানা হুমকি দেয়। একই সঙ্গে ভবিষ্যতে এনসিপির কোনো রাজনৈতিক কার্যক্রম না চালানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হামলার সময় নির্বাচনী অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় মোঃ সুলতান সরকার (৪২), পিতা—লালমন সরকার এবং মোঃ আব্দুল আহাদ (৫০), পিতা—মহসীন, উভয়েই মৌগ্রামের বাসিন্দা, গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা এ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, নির্বাচনের মাঠ থেকে এনসিপিকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।