ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছেন একদল শিক্ষার্থী। শুক্রবার সকালে তারা 'বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ' ব্যানারে এই কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা প্রথমে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে জড়ো হন। সেখান থেকে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন। থানা প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিবাদী মিছিলে শিক্ষার্থীরা সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস এবং সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তাদের দাবি, হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।
আন্দোলনকারীদের পক্ষে থানায় আলোচনার জন্য একটি প্রতিনিধি দল প্রবেশ করেছে। দলে রয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. মুহাম্মদ আব্দুস সালাম, ড. অসীম দাস, ড. সিরাজুল ইসলাম এবং চারজন শিক্ষার্থী প্রতিনিধি।
ইনস্টিটিউটের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সী বলেন, \"আমাদের আন্দোলন নির্দলীয়। কেউ কেউ সাম্যের মৃত্যু নিয়ে রাজনৈতিক সুযোগ নিতে চাইছে, কিন্তু আমরা শুধু হত্যার সুষ্ঠু বিচার চাই।\"
তিনি আরও বলেন, \"৭২ ঘণ্টা পার হয়ে গেলেও হত্যাকারীকে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছি। তবে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে আবার কর্মসূচি দেবো।\"
সাম্যের আরেক সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, \"যাদের গ্রেফতার করা হয়েছে, তারা ঘটনার সঙ্গে জড়িত হলেও প্রধান আসামি নয়। কেন বাকি অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে, তার জবাব আমরা চাই।\"
\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, \"৪৮ ঘণ্টার মধ্যে অগ্রগতি না হলে আমাদের এই অহিংস আন্দোলন অন্য রূপ নিতে পারে।\"





