আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠককে ব্যক্তিগত ঘটনা হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি একজন ব্যক্তির বাসায় বৈঠক ছিল। যদি তিনি অপরাধী হতেন, তাহলে তাকে নিশ্চয়ই হেফাজতে নেওয়া হতো। এমন কিছু হয়নি।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রদূতরা চাইলে যে কারও বাসায় যেতে পারেন। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে মতভেদ থাকতে পারে। তবে তারা গিয়েছেন—এ নিয়ে সরকারের বলার কিছু নেই।”
এ সময় ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ ফিলিস্তিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাবে না।”
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক মন্তব্য নিয়েও সাংবাদিকরা জানতে চান। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক, ভারতের সঙ্গে কাজ করবে। আমরা এটিকে কোনো রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখি না। এটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।”





