সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার সকালে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে, গত রোববার আরেক সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, একদল লোক তাঁকে জুতার মালা পরিয়ে হেনস্তা করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ জানায়, ২০১৮ সালের নির্বাচনে ‘প্রহসনের ভোট’সহ বিভিন্ন অভিযোগে বিএনপি নেতা সালাহ উদ্দিন খানের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
প্রসঙ্গত, গত রোববার বিএনপি নেতা সালাহ উদ্দিন খান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত তিন সাবেক সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়েছে, তাঁরা ‘প্রহসনের নির্বাচন’ পরিচালনার মাধ্যমে ভোটারদের অধিকার ক্ষুণ্ন করেছেন।





