সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।
\r\nডিবি সূত্রে জানা গেছে, মামলার পর থেকে তিনি ওই রিসোর্টে আত্মগোপনে ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, রিসোর্টটি তার নিজের।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, শফিকুল ইসলাম ছাড়াও গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, গত ২৮ আগস্ট রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দেন, এবং কয়েকজন উপস্থিত ব্যক্তি আওয়ামী লীগবিরোধী স্লোগান দেয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বৈঠকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। সংগঠনের উদ্দেশ্য ছিল জাতির অর্জনকে রক্ষা করা এবং বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহিংসামূলক ষড়যন্ত্র প্রতিহত করা। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে হেফাজতে নেয়, এবং পরদিন (২৯ আগস্ট) শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।





