ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছে আদালত। একই মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।


বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকীব আদালতে হাজির হয়ে কিরণের সাত দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।


আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন তাদের রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন, যিনি রিমান্ড এবং গ্রেফতার দেখানোর আবেদন সমর্থন করেন।


শুনানি শেষে বিচারক কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আতিকুল ইসলামকে মামলায় গ্রেফতার দেখানোর অনুমতি দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ আরও কয়েকজন। ওই সময় অভিযুক্ত তাপসসহ অন্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ হামলা চালায়। হামলায় মারধর, গুলিবর্ষণসহ প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে।


পরবর্তীতে ২০২৪ সালের ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন, যার ধারাবাহিকতায় এই গ্রেফতার ও রিমান্ডের আদেশ আসে।