সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টে অর্ধবেলা বিচারকাজ বন্ধ থাকবে। একই সঙ্গে আজ চেম্বার আদালতও বসবে না।
সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সুপ্রিম কোর্ট বার এক বার্তায় জানিয়েছে, রোববার রাত পৌনে ১১টার দিকে এএফএম মেজবাহ উদ্দিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। আজ বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সিনিয়র অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের পর তাকে স্থায়ী বিচারপতি করা হয়নি। এরপর তিনি পুনরায় আইন পেশায় ফিরে আসেন। ২০০৯–১০ সেশনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
মেজবাহ উদ্দিনের মেয়ে অ্যাডভোকেট সীমন্তী আহমেদ জানান, বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।





