জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় আসামি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়।


সোমবার (২৫ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম। তিনি জানান, বেলা পৌনে ১২টার দিকে খায়রুল হককে কারাগার থেকে বিএসএমএমইউতে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।


প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই তিনি কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালত কারাগারে পাঠায়।