সিটিসেলের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে নেওয়া ৪৯ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরীন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাদীপক্ষের আবেদনের পর ঢাকার পাঁচ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঋণ পরিশোধ না করার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী, ছেলে, তিনজন সিঙ্গাপুরি ও একজন জাপানি নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।”
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা দায়ের করা হয়। আদালত ব্যাংকের পক্ষে রায় দিলেও, আসামিদের কাছ থেকে টাকা উদ্ধার সম্ভব হয়নি। পরে ২০২৪ সালে অর্থ জারি মামলা দায়ের করা হয়।
এরপর আদালত আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। তবে তারা আদালতে না আসায় বাদীপক্ষ গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।





