সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় ঢাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
\r\nতার মৃত্যু নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মো. এনামুল হক। তিনি জানান, জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।
\r\nআব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
\r\n১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জের ধুবিল ইউনিয়নের কাটার মহল পরগনার এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল মান্নান তালুকদার। ১৯৫৪ সালে মেট্রিক পাস করে তিনি ভর্তি হন সিরাজগঞ্জ সরকারি কলেজে। শিক্ষাজীবনে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে কলেজ ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
\r\nশিক্ষার পাশাপাশি ব্যবসাক্ষেত্রেও ছিল তার উল্লেখযোগ্য অবদান। নিজের নামে প্রতিষ্ঠিত ‘সোনালী আঁশ’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান ১৯৬৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সুনামের সঙ্গে পরিচালনা করেন তিনি। একই সময়ে তিনি প্রথম শ্রেণির একজন সফল ঠিকাদার হিসেবেও পরিচিতি লাভ করেন।
\r\nআব্দুল মান্নান তালুকদার ১৯৯১ সালে বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। এরপর ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুন নির্বাচন এবং ২০০১ সালের নির্বাচনেও জয়ী হয়ে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।
\r\n২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও তিনি বিজয়ী হতে পারেননি।





