গাইবান্ধা জেলা প্রতিনিধি:সাদুল্লাপুর উপজেলা-এ জমিসংক্রান্ত বিরোধের জেরে এবিএম জাকারিয়ার সরকার জামিল (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থীকে পি টি য়ে হ ত্যা র অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন-এর নলডাঙ্গা এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামিল সরকার নলডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী মাহাবুব আলমের ছেলে। তিনি স্থানীয় কান্তনগর মাদরাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজনদের দাবি, একই গ্রামের বেলাল মিয়া ও আমেনা বেগম গংদের সঙ্গে জামিলের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২২ ফেব্রুয়ারি প্রতিপক্ষ দলবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে লাঠি ও দেশীয় অস্ত্রের আঘাতে জামিলসহ পরিবারের কয়েকজন আহত হন।আহতদের মধ্যে বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত জামিল সরকার বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের চাচা বাবুল মিয়া বলেন, “প্রতিপক্ষ বেলাল মিয়া গংদের লাঠির আঘাতেই আমার ভাতিজার মৃত্যু হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।”
এ বিষয়ে সাদুল্লাপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম শুরু করেছে।





