ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা অভিযোগ করেছেন, ভোটারদের ব্যালটে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের নামে ক্রস দেওয়া ছিল।

শ্রেষ্ঠা জানান, টিএসসি কেন্দ্রে তার এক বন্ধু ভোট দিতে গেলে ১ নম্বর টেবিল থেকে ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করেন। সেখানে তিনি দেখেন যে ব্যালটে সাদিক ও ফরহাদের নামের পাশে ক্রস চিহ্নিত করা আছে। অভিযোগ জানালে, উল্টো ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। নিরাপত্তাজনিত কারণে তার নাম প্রকাশ করা হয়নি।

টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, “পোলিং অফিসাররা জানিয়েছেন, শিক্ষার্থীটি বুথের ভেতরে প্রবেশ করেছিলেন। তিনি সেখানে প্রায় ১ মিনিট অবস্থান করার পর অভিযোগ করেছেন যে ব্যালটে দুটি প্রার্থীর নামের পাশে ভোট দেওয়া ছিল। আমরা সিসিটিভি ফুটেজ যাচাই করছি এবং অন্যান্য ব্যালটও খতিয়ে দেখেছি; কোথাও এমন ঘটনা ধরা পড়ে নি। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”