মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। তার ভাষ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তানসহ সাতটি যুদ্ধের অবসান ঘটানোয় তিনি এ স্বীকৃতি পাওয়ার দাবিদার।
স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে বক্তব্যে তিনি এ দাবি করেন।
ট্রাম্প বলেন, \"বিশ্বমঞ্চে আমরা এমন কিছু করছি, যা আমাদের প্রতি এক নতুন ধরনের সম্মান তৈরি করেছে। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ বন্ধ করছি। ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও।\"
তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের যুদ্ধ আমি থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে। তারা দু’পক্ষই বাণিজ্য করতে চায়। আমি উভয় দেশের নেতার প্রতি শ্রদ্ধাশীল। এই ধরনের যেসব সংঘাত আমরা থামিয়েছি, সেগুলো একবার ভাবুন—ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো। এর প্রায় ৬০ শতাংশই বাণিজ্যের মাধ্যমে থেমেছে।”
ট্রাম্প আরও বলেন, “ভারতের ক্ষেত্রে আমি সোজা বলেছিলাম—‘যদি তোমরা লড়াই করো, তবে কোনো বাণিজ্য হবে না। আর তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে।’ এতে তারা থেমে যায়।”
তিনি জানান, কেউ একজন তাকে বলেছিল, যদি তিনি রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে পারেন, তাহলে নোবেল শান্তি পুরস্কার পাবেন। জবাবে ট্রাম্প বলেন, “তাহলে বাকি সাতটি যুদ্ধের কী হবে? আমি তো প্রতিটির জন্য আলাদা নোবেল পাওয়ার যোগ্য। তারা বলল, ‘কিন্তু স্যার, যদি আপনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন, আপনি নোবেল পাবেন।’ আমি বললাম, ‘আমি তো সাতটা থামিয়েছি। ওটা তো শুধু একটা, যদিও বড় একটা।’”
রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্প বলেন, শুরুতে তিনি মনে করেছিলেন এ সংকট সমাধান সহজ হবে, কারণ পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তবে এখন তিনি পুতিনের ওপর হতাশ, যদিও তাদের মধ্যে সম্পর্ক এখনো আছে।
তার ভাষায়, \"আমি ভেবেছিলাম এটা সবচেয়ে সহজ সমাধান হবে। যেভাবেই হোক, এই সংঘাতের একটা সমাধান হবেই।”





