অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, আগামী ১৩ অক্টোবর (সোমবার) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীরা জানান, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া আন্দোলনটি শুধু দাবি নয়, বরং তাদের “অস্তিত্বের লড়াই”। তাদের ভাষায়, সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন এর আগে দেখা যায়নি।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন করে আসছি। দ্রুত সময়ে তা কার্যকর হলে আমরা আবারও স্বাভাবিকভাবে পড়াশোনায় ফিরতে পারতাম। কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষা জীবন এখন হুমকির মুখে।”

তারা আরও বলেন, “আমরা আমাদের শেষ পদক্ষেপ নিতে প্রস্তুত। আশা করি, রাষ্ট্র দ্রুত অধ্যাদেশ জারি করে আমাদের পড়ার টেবিলে ফেরার সুযোগ করে দেবে।”