দীর্ঘ ১৬ বছর পর শান্তিপূর্ণ পরিবেশে সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ।
নির্বাচনে মোট ১,৬৩০ জন ভোটারের মধ্যে ১,১১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পর বেলা ১১:৩০ টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ৭টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি প্যানেলের মধ্যে সচেতন সাতক্ষীরাবাসি সমর্থিত প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মোঃ ওমর ফারুক এবং কার্যনির্বাহী সদস্য পদে মুহাঃ রুহুল আমিন, মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সমন্বিত নাগরিক প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক পদে শেখ মাসুম বিল্লাহ শাহীন এবং কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক নূর মোহাম্মদ পার, মোঃ কামরুজ্জামান রাসেল, শাহ মোঃ কামরুজ্জামান কামু, মোস্তাফিজুর রহমান উজ্জল ও মোঃ শফিকুল আলম বাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সমন্বিত নীল প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে মোঃ কামরুজ্জামান ভূট্টো, সাধারণ সম্পাদক পদে শেখ শরিফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে কাজী আব্দুস সবুর ও মোঃ পাভেল রহমান লড়ছেন।
প্রসঙ্গত, সাতক্ষীরা জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। এরপর গত ১৬ বছরে আর কোনো নির্বাচন হয়নি। সোমবারের ভোটের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।





