সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। গণঅধিকার পরিষদের আশাশুনির উপজেলা নেতা খায়রুল ও মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১২ জন নেতাকর্মী বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।


এক যোগদান অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাবেক এসপি মাওলানা রিয়াছাতের পুত্র নুরুল আফসারের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে দলটির সঙ্গে যুক্ত হন। নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ থেকে আসা নেতাকর্মীদের যোগদানে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। এছাড়া তারা জানান, গণঅধিকার পরিষদের রাজনৈতিক সংগ্রাম ও জামায়াতে ইসলামী’র আদর্শভিত্তিক রাজনীতির মধ্যে নৈতিক ও গণমুখী মিল রয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


নতুন যোগদানকারীরা জানিয়েছেন, গণঅধিকার পরিষদে অর্জিত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তারা গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে জামায়াতে ইসলামীকে উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন।


স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই যোগদান সাতক্ষীরা-৩ আসনের রাজনৈতিক চিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করছে।