ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শনিবার (১৮ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ইকসু) নির্বাচনের নীতিমালা ও রোডম্যাপ দ্রুত ঘোষণার, সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবি, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিতকরণ, চলতি বছরের মধ্যে নির্মাণাধীন হলগুলো চালুর অনুরোধ এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিতে একটি মিছিল ও ছাত্র সমাবেশ করেছে।
বেলা দেড়টার সময় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় এসে সমাবেশে রূপ নেয়। মিছিলে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’, ‘ইকসু নিয়ে টালবাহানা চলবে না’, ‘সাজিদ ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘শতভাগ আবাসন নিশ্চিত করবে প্রশাসন’ ও ‘বিশ্ব এখন আধুনিক, ইবি কেন যান্ত্রিক’ মতো বিভিন্ন স্লোগান প্রদান করেন।
ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান সমাবেশে বলেন, ‘সাজিদ আব্দুল্লাহ হত্যার খুনিদের এখনও গ্রেপ্তার করা হয়নি, যা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা নয়, বরং এটি অন্তর্বর্তী সরকারেরও ব্যর্থতা। অন্তর্বর্তী সরকার এত দুর্বল যে ৯০ দিন পেরিয়ে গেলেও একজন খুনিকে গ্রেপ্তার করতে পারেনি। এর পেছনে লুকিয়ে থাকা রহস্য জাতির সামনে উন্মুক্ত করা উচিত। সাজিদের হত্যাকারীরা যদি গ্রেপ্তার না হয়, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়ার কর্মসূচি নেব।’
তিনি আরও বলেন, ‘বছরের শুরু থেকেই আমরা ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনো প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আপনাদের কথা ছিল ১৫ তারিখের মধ্যে নীতিমালা প্রণয়ন করবেন, কিন্তু আজ ১৮ তারিখ চলছে। যদি ছাত্র সংসদ নিয়ে টালবাহানা চালানো হয়, তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে, ইনশাআল্লাহ।’





