বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজ ভোর ৬টায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ডিমলায় ১১৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।
লঘুচাপের কারণে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





