বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সাগরে নতুন করে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে, সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও বাংলাদেশের ওপর এর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না।

এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল, তবে সেটি ঘনীভূত হয়নি।


আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকালের আবহাওাবিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূলের সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে।


মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।


এই লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে।


তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।