বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অনির্বাচিত কোনো ব্যক্তি সংবিধান সংশোধন করতে পারে না—এমন নজির বিশ্বের কোথাও নেই। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে একমাত্র সমাধান হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা।

শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে (আইইবি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, “সংবিধান সংশোধনের একমাত্র পথ হলো জনপ্রতিনিধিত্বশীল সংসদ। অনির্বাচিত কেউ তা করতে পারে না—এটি বিশ্ব রাজনীতির স্বীকৃত নীতি। সংস্কার যদি কিছু করতে হয়, তাহলে সেটা হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার মধ্য দিয়েই।”

তিনি সংখ্যানুপাতিক (PR) পদ্ধতির সমালোচনা করে বলেন, “পিআর পদ্ধতির জন্য কেউ জীবন দেয়নি। শুধুমাত্র আমেরিকা-ইউরোপের ধারণা আমদানি করে এই দেশে প্রয়োগ করে কোনো লাভ নেই। দেশের মানুষ চায় তারা যেন নিজের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্রের উত্তরণ সম্ভব। আর নির্বাচিত সরকার না থাকলে দেশে বিনিয়োগ আসবে না, উন্নয়ন থেমে যাবে, আইনশৃঙ্খলার উন্নতিও হবে না।”

মেজর হাফিজ নির্বাচন ও জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।