অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর অতিরিক্ত ক্ষমতাকেন্দ্রিক চাপের মুখে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ‘সমাবেশ ও সম্মেলন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “এই সরকারের যে ম্যান্ডেট ছিল, তা তারা জোরালোভাবে ধারণ করতে পারছে না। সরকারের পেছনে যে রেজিম বা ক্ষমতাকেন্দ্র কাজ করছে, তা এতটাই প্রভাবশালী যে সরকারকে নতি স্বীকার করতে বাধ্য করছে।”

তিনি আরও বলেন, “আমলাতন্ত্র সংস্কারের নামে যা হচ্ছে, তা যথেষ্ট নয়। শিক্ষা খাত থেকেই যেখানে জুলাই অভ্যুত্থানের সূচনা, সেই গুরুত্বপূর্ণ খাত সংস্কারের জন্য এখনও কোনো কমিশন গঠন করা হয়নি।”

টিআইবির নির্বাহী পরিচালক দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, “রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের সমন্বয়ে দেশে ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠা পেয়েছে। এত কম সময়ে কোনো দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের উদাহরণ বিশ্বে বিরল। এর পেছনে বড় ভূমিকা রেখেছে ব্যবসায়ী মহল। অথচ ব্যবসা খাতে সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই।”

গোয়েন্দা সংস্থার সংস্কার নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সেখানে কেবল কয়েকটি পদে রদবদল হলেও আচরণগত কোনো পরিবর্তন আসেনি। বরং এই সংস্থাগুলোর অনিয়ন্ত্রিত কার্যক্রম দেশে কর্তৃত্ববাদী শাসনের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে।”

সভায় বক্তারা অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা, রাজনৈতিক চাপের বাস্তবতা এবং প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।