বান্দরবান প্রতিনিধি: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদে চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি শুরু হয়েছে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিটের ব্যানারে সোমবার (১ ডিসেম্বর ২০২৫) থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।


শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি, বেতন বৈষম্য, গেজেট প্রকাশসহ বিভিন্ন বিষয়ে তারা বারবার দাবি জানিয়ে আসলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষকরা পেশাগত অসন্তোষ এবং প্রশাসনিক জটিলতার মুখে পড়ছেন।


সমিতির পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো-

১. সরকারি শিক্ষক পদকে নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত করা এবং দ্রুত সময়ের মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ তিন কর্মদিবসের মধ্যে প্রদান করা।
৪. ২০২৫ সালের পূর্বের ন্যায় সহকারী শিক্ষকদের ৩ বা ২টি ইনক্রিমেন্ট অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ করা।

শিক্ষকরা বলেন, এসব দাবি পূরণ না হওয়ায় তাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং কাজের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।