সরকারি দলের সংসদীয় সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।


\r\n

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়। এতে সরকারি দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।


\r\n

সূত্র জানিয়েছে, সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই বৈঠক থেকেই আসতে পারে। পাশাপাশি সংসদীয় বিভিন্ন কমিটি গঠন এবং সংসদের কার্যপ্রণালি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।


\r\n

এর আগে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য তৈরির লক্ষ্যে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত সোমবার সংসদ ভবনে চিফ হুইপ মো. নূরুল ইসলামের দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত ও মো. নূরুল ইসলাম।