প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একজন সরকারি কর্মকর্তার পাঁচ বছরের বেশি একই চাকরিতে থাকা উচিত নয়। দীর্ঘ সময় চাকরিতে থাকলে মানসিকতা এক জায়গায় আটকে যায় এবং সৃজনশীলতা নষ্ট হয় বলে মন্তব্য করেন তিনি।
বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগোও উন্মোচন করেন।
ড. ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুনভাবে শুরু করা দরকার। সময়ের সঙ্গে লক্ষ্য বদলালেও প্রতিষ্ঠানে থাকা মানুষেরা পুরোনো ধ্যানধারণা নিয়েই কাজ করেন, যা উদ্ভাবনের পথে বাধা হয়ে দাঁড়ায়।
সবাইকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা একটি ভুল চিন্তা, যা দাসপ্রথার মতো। উদ্যোক্তা তৈরিতে সরকারের সহায়তা থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলন দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তিনি মন্তব্য করেন, “জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। যেমন জুলাই আন্দোলন রাজনীতিতে পরিবর্তনের সূচনা করেছে, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।





