ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করেছে দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকার। সরকারি হিসাবে এসব বিক্ষোভে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এই তথ্য প্রচার করে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।
সরকারি হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহিদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। ‘শহিদ’ তালিকায় সাধারণ বেসামরিক নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে জানানো হয়েছে।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিক্ষোভের আড়ালে যারা সন্ত্রাস, দাঙ্গা এবং সরকারি ও সামরিক স্থাপনায় হামলায় জড়িত ছিল, তাদের ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি দাবি করেন, নিহতদের মধ্যে শহিদের সংখ্যা বেশি হওয়াই প্রমাণ করে সরকার পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকে ধৈর্য ও সংযম দেখিয়েছে।
তবে সরকার ঘোষিত এই সংখ্যার সঙ্গে একমত নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪ হাজার ৫৬০ জন নিহত হয়েছেন।
সংস্থাটির তথ্যমতে, নিহতদের মধ্যে ৪ হাজার ২৫১ জন বিক্ষোভকারী, ১৯৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ১৮ বছরের কম বয়সী ৩৫ জন এবং ৩৮ জন পথচারী ছিলেন।
এর আগে, গত ১৮ জানুয়ারি ইরানের এক সরকারি কর্মকর্তা বিক্ষোভে অন্তত ৫ হাজার জন নিহত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
\r\nসূত্র: আলজাজিরা





