রাজধানীর শাহবাগে আগামী রোববার (৩ আগস্ট) ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে সৃষ্ট সম্ভাব্য জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “গত জুন মাসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এ বিষয়ে অনুমতিও নিয়েছিলাম এবং আমরাই ছিলাম ওই দিনের জন্য একমাত্র বৈধ দাবিদার।”

তবে পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একই তারিখে শহীদ মিনারে সমাবেশের অনুরোধ আসে জানিয়ে তিনি বলেন, “একটি উদার, গণতান্ত্রিক ও পরমতসহিষ্ণু ছাত্রসংগঠন হিসেবে আমরা তাদের অনুরোধ বিবেচনা করে সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিই। ফলে সমাবেশটি শাহবাগে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করি।”

নাছির উদ্দীন আরও বলেন, “ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে জনসমাগম হলে নাগরিকদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটতে পারে— আমরা সে বিষয়ে সচেতন। তবে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ছাত্রঐক্যের স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”

ছাত্রদলের পক্ষ থেকে তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, “সম্ভাব্য দুর্ভোগের জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করছি এবং আশা করি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। ভবিষ্যতে আমরা আরও সচেতন থেকে কর্মসূচি গ্রহণ করবো।”