প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে কোনো ধরনের ইস্যু তৈরি করে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না।
বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর খিলক্ষেতে তিনটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, খিলক্ষেত এলাকায় রেলওয়ের জমি উদ্ধার কার্যক্রমের সময় হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির উচ্ছেদ করা হয়েছিল, যা যথাযথ মর্যাদার সঙ্গে হয়নি। এ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে রেলপথ মন্ত্রণালয় নতুন উপাসনালয় নির্মাণের জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে জমি বরাদ্দ দিয়েছে। বরাদ্দপ্রাপ্ত জমিগুলো রেলওয়ের নির্ধারিত মূল্যেই হস্তান্তর করা হয়েছে।
শফিকুল আলম আরও জানান, চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্দিরের সিঁড়ি সংস্কারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।





