বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে জাতীয়করণের দাবি জানিয়েছেন। একইসঙ্গে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, “নন-এমপিও শিক্ষকদের দাবি দীর্ঘদিনের ও ন্যায়সঙ্গত। সরকার তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করবে, এটাই আমাদের প্রত্যাশা।”
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ সময়ের দাবি। শিক্ষার মান ও সাম্য নিশ্চিতে এটি অপরিহার্য হয়ে উঠেছে।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. কোরবান আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মো. তাসলিম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি সৈয়দ আ. আজিজ, নন-এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী, অধ্যক্ষ দবিরুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজব্যবস্থা কায়েম করা জরুরি। দেশের বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি সকল শিক্ষক সংগঠনের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনে পাশে থাকার আশ্বাস দেন।





