জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের সময়সূচি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাউশির একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিটি মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারকের আলোকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্ণিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়েছে, ৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুযায়ী প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইল (jahida.net@gmail.com
) ঠিকানায় পাঠাবে।
উল্লেখযোগ্য তথ্যের মধ্যে থাকবে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার ইত্যাদি।





