জুলাই সনদে কয়েকটি রাজনৈতিক দল স্বাক্ষর না করায় মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, “সব ব্যাঙকে এক পাল্লায় তোলা সম্ভব নয়।”
শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “কেউ আগে লাফাবে, কেউ পরে আসবে। আমি বিশ্বাস করি, যারা এখনো স্বাক্ষর করেনি, তারাও শেষ পর্যন্ত স্বাক্ষর করবে। তাদের জন্য সুযোগ খোলা আছে।”
তিনি আরও বলেন, “আমি বলছি না যে এই সনদটা কোনো বিরাট কিছু। কিন্তু একে অস্বীকারও করা যাবে না। যারা সনদ অস্বীকার করবে, তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে না।”
শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সনদে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।





