সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমেছে। কেজিতে গড়ে ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম। চালের দামও কেজিতে ২ থেকে ৪ টাকা কমেছে। পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫-৭ টাকা। তবে ডিম ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে।
রাজধানীর নয়াবাজার, শান্তিনগর ও কারওয়ান বাজার ঘুরে জানা গেছে, আশ্বিন মাসের শুরুতে মৌসুমি সবজির সরবরাহ বেড়ে বাজারে স্বস্তি এসেছে। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা হেলাল উদ্দিন বলেন, “সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। আগামী দিনে আরও কমতে পারে। তবে খুচরা বাজারে দাম কমছে ধীরগতিতে।”
চালের বাজারও স্থিতিশীল থাকতে শুরু করেছে। গত আগস্টে সরকার বেসরকারিভাবে ৫ লাখ টন চাল আমদানির অনুমতি দেয়। বর্তমানে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৭৬ থেকে ৮২ টাকা কেজিতে, মিনিকেট চাল ৭৪-৭৯ টাকা, ব্রি-২৮ জাতের চাল ৫৯-৬১ টাকা, পাইজাম চাল ৫৯-৬০ টাকা এবং স্বর্ণা ও গুটি চাল ৫২-৫৪ টাকা কেজিতে। তবে পোলাও চালের দাম কিছুটা বেড়েছে।
সবজি বাজারে দাম কমলেও কাঁচা মরিচের দাম কমে ১৫০ টাকা কেজিতে দাঁড়িয়েছে। টমেটোর দাম হয়েছে ১০০ টাকা, করলা ৫০-৬০ টাকা, ঢেঁড়শ ও পটোল ৫০-৬০ টাকা, লম্বা বেগুন ৬০-৭০ টাকা, গোল বেগুন ১০০-১২০ টাকা, লাউ ৬০ টাকা, পেঁপে ২০-৩০ টাকা। কাঁকরোল ৬০ টাকা, কচু ৫০-৬০ টাকা, শসা ৫০-৬০ টাকা, গাজর ৯০-১০০ টাকা, ধনিয়া পাতা ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ কেজিতে ৭০-৭৫ টাকা, আলু ২০-২২ টাকা।
তবে মুরগি ও ডিমের দাম বেড়েছে। ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা, পাকিস্তানি সোনালি কক ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনে ৫-১০ টাকা বাড়ে; লাল ডিম ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকা ডজনে।
মাছের বাজারে দাম স্থিতিশীল। রুই-কাতলা ৩৫০-৪০০ টাকা, তেলাপিয়া ২২০-২৪০ টাকা। ইলিশের দাম কিছুটা বেড়েছে।





