শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার আকাশে সকালবেলা হালকা কুয়াশার উপস্থিতি দেখা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেও আকাশজুড়ে মেঘলা আবহ বিরাজ করছে। দিনের প্রথমার্ধে এ অবস্থা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, বর্তমানে ঢাকার আকাশ মেঘে ঢাকা এবং কিছু এলাকায় গুমোট আবহাওয়াও অনুভূত হচ্ছে।
তিনি বলেন, বর্ষাকালে রাতের আকাশ পরিষ্কার থাকলেও ভোরবেলায় কুয়াশার মতো আবছা পরিবেশ তৈরি হতে পারে, যেটি আজ সকালেও লক্ষ্য করা গেছে।
আবহাওয়ার সার্বিক পূর্বাভাস প্রসঙ্গে তিনি জানান, দিনের বাকি সময়েও ঢাকায় মেঘলা আকাশ বিরাজ করতে পারে, তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের গত রাতের পূর্বাভাসে বলা হয়েছিল, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
\r\n\r\n\r\n\r\n\r\n
এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।





