সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন আয়োজন করা হলে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আগে রাজনৈতিক ঐকমত্য জরুরি।
রোববার (৬ জুলাই) রাজধানীতে আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে জনগণ আবার রাজপথে নামবে, এবং সেখান থেকে গণঅভ্যুত্থানের জন্ম হতে পারে। অতীতেও এমনটি ঘটেছে, আবারও ঘটতে পারে।”
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সর্বদলীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। পার্বত্য চট্টগ্রাম সমস্যা স্বাধীনতার পর থেকেই রয়েছে। ৫০ বছরেও এই সংকটের স্থায়ী সমাধান হয়নি।”
নুর বলেন, “সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী নীতি ও পররাষ্ট্রনীতি বদলে যায়—এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আমাদের স্থায়িত্ব আনতে হলে নীতিগত বিষয়ে একমত হতে হবে।”
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর ফিরে আসতে না পারে, এ বিষয়ে সব রাজনৈতিক শক্তিকে স্পষ্ট অবস্থান নিতে হবে। না হলে তারা আবার বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্র করে দেশকে অস্থির করে তুলবে।”
নুরুল হক নুরের বক্তব্যে রাজনৈতিক সংস্কারের ওপর জোর দিয়ে, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা আহ্বান জানানো হয়।





