আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে এবং ফলাফলও একসঙ্গে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার দুপুরে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ আজ থেকেই শুরু হয়েছে। এবার প্রায় ৭ লাখ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
ইসি সচিব জানান, ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রবাসীদের ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে, যা নির্ভর করবে সময়মতো কত ভোট এসে পৌঁছায় তার ওপর।
বিদেশে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, এ ধরনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে এবং সেখানে নির্বাচন কমিশনের সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।
তিনি আরও জানান, এবারের সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে মাঠে থাকবেন প্রায় ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক।





