ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।


আখতার আহমেদ বলেন, “মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। এতে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।”


তিনি আরও জানান, নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে।


এনসিপির প্রতীক সংক্রান্ত প্রশ্নে ইসি সচিব বলেন, “বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য একটি প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।”


গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “এই বিষয়ে এখনো কোনো তথ্য নির্বাচন কমিশনে আসেনি। যা আসেনি, তা নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।”