সংসদের সংখ্যা গরিষ্ঠতার জোরে বাংলাদেশের জনগণের জীবন অনিরাপদ ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করছে বিএনপি বলে অভিযোগ করেছেন রংপুর–৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার আমীর অধ্যাপক গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একের পর এক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সুপারিশ করছে, যা জনগণের জন্য উদ্বেগজনক।

গোলাম রব্বানী অভিযোগ করে বলেন, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে। একইভাবে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। আবার পুলিশ কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশও করা হয়েছে। 

এছাড়া, দুর্নীতি নিয়ন্ত্রণে জারি করা বিভিন্ন অধ্যাদেশ বাতিলের মাধ্যমে দুর্নীতির সুযোগ বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে প্রায় ২০টি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে সরকার।

সংসদের সংখ্যা গরিষ্ঠতার জোরে বাংলাদেশের জনগণের জীবন অনিরাপদ ও দুর্নীতির সুযোগ তৈরি করার পথ সুগম করছে তারা।

তিনি আরও বলেন, তাদের মনে রাখা উচিত ছিল, কিছুদিন পূর্বেও তারা ছিল এগুলোর ভিক্টিম। আজ ক্ষমতা হাতে পেয়ে সব অতীত ভুলে যাচ্ছে তারা। এটা আমাদের দেশের জন্য কোনো ভালো আলামত নয়।