জেলা প্রতিনিধি:বগুড়া-৫ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি শহিদ পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার মতো আপোষহীন নেতৃত্বের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের কাতলাহার বাজারসহ ৯টি ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম সিরাজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে নারী, শিশু, শ্রমজীবী মানুষ, কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। এই কর্মসূচির বাস্তবায়নের মধ্য দিয়ে একটি বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই সংকটময় অবস্থা থেকে দেশকে মুক্ত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে বিজয়ী করার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী ও সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস। বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে এবং জনগণের সমর্থনেই ধানের শীষ বিজয়ী হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট রেজানুর ইসলাম খান রেজা, আজাহার আলী পাইকার, আলেক উদ্দিন, ফজল-এ-খুদা তুহিন, শফিকুল ইসলাম, মহসীন আলী, আব্দুস সালাম ও বনিজার রহমান বাটুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া যুবদল নেতা জহিরুল ইসলাম বিপ্লব, মনিবুর রহমান, এমানুর ইসলাম, মোস্তাফিজার এবং ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মাসুদ রানা, জিন্নাহুর রহমান রাকিব ও আল আমিনসহ ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।