দেশের ২০ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, যদিও এর বিস্তৃতি সময়ে সময়ে কমবেশি হতে পারে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই চার জেলাতেও শৈত্যপ্রবাহ চলছে। রংপুর ও রাজশাহী বিভাগে মোট জেলার সংখ্যা ১৬ হওয়ায় সব মিলিয়ে বর্তমানে দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। ওই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার (৭ জানুয়ারি) নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ছিল।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে আগামী ১০ জানুয়ারির দিকে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এ নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।





