শেরপুরে সহিংসতায় জামায়াতের এক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে সরকার জানিয়েছে, জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের দায়িত্বশীল ও সংযমী আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা প্রাণহানির কোনো স্থান নেই।
শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক নেতা ও নির্বাচনী প্রচারণায় যুক্তদের শান্তি বজায় রাখা, আইনের শাসন মেনে চলা এবং ভোটারদের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। সরকার শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।





