শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। তাদের ছয় সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করা হয়েছে।


\r\n

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


\r\n

এর আগে রোববার মাহমুদুল হকসহ ৪০ আসামি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন।

\r\n

পুলিশ জানায়, মামলায় ২৩৪ জনকে নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

\r\n

মামলার বিবরণে বলা হয়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।


\r\n

নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়েছে।