জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ।

টানা পাঁচদিন যুক্তিতর্ক উপস্থাপনের পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—দাবি করেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্যানেলের সামনে তিনি এই আবেদন জানান। একইসঙ্গে, মামলার রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়টি আদালতের বিবেচনার ওপর ছেড়ে দেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ১,৪০০ জন ছাত্র-জনতা নিহত হয়েছেন। একজন মানুষকে হত্যার দায়ে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে ১,৪০০ জন হত্যার দায়ে শেখ হাসিনাকে ১,৪০০ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। যদিও আইন অনুযায়ী তা সম্ভব নয়।”