জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
রোববার (২৪ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্যগ্রহণ হবে।
এদিন সকালে আদালতে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। একইসঙ্গে গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এবং আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকেও ট্রাইব্যুনালে আনা হয়।
এর আগে এ মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। গত বুধবার দুই চিকিৎসক, একজন নার্সসহ চারজন সাক্ষ্য দেন। তারা জানান, জুলাই-আগস্টের সময়ে হাসপাতালে চিকিৎসা সেবা দিতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল।
সাক্ষ্যদানের সময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ পুলিশের বিচারের দাবি জানান।





