রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করা হয়েছে।


শেখ হাসিনার পাশাপাশি তার ছোটবোন শেখ রেহানার তিন সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ মোট ২২ জনের বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন।

মামলায় শেখ হাসিনার পরিবারের সদস্যদের পাশাপাশি রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও আসামি রয়েছেন। এ দুই মামলায় মোট ২১ জন আসামি পলাতক বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি, ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকা সত্ত্বেও তা গোপন করেন। এর ফলে সরকারি প্লট বরাদ্দে আইন, বিধি, নীতিমালা ও নির্ধারিত প্রক্রিয়া লঙ্ঘন করা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রভাব ব্যবহার করে এবং জালিয়াতির মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে একাধিক প্লট বরাদ্দ নেন। পরে এসব প্লট শেখ রেহানার সন্তানদের নামে হস্তান্তর করা হয়। এ ক্ষেত্রে রাজউকের বিধিনিষেধও অমান্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির চার মামলায় শেখ হাসিনার ২৬ বছরের কারাদণ্ড হয়েছে। চলমান এই দুই মামলাতেও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন দুদকের আইনজীবীরা।

উল্লেখ্য, গত ১৩ ও ১৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ পৃথক এই দুই মামলায় রায় ঘোষণার দিন ধার্য করেন।