ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘টক টু আল জাজিরা’য় এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
\r\nরোববার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রচারিত এই সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় তার। সেখানে তিনি শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্য নিয়ে মোদির সঙ্গে আলোচনা করেন।
\r\nড. ইউনূস বলেন, \"আমি মোদিকে বলেছিলাম, যদি শেখ হাসিনাকে আপনি ভারতে রাখতে চান, তাহলে সেটা আপনার ব্যাপার। তবে তিনি যেন সামাজিক মাধ্যমে বক্তব্য না দেন, কারণ তার কথাবার্তা বাংলাদেশের জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং আমাদের জন্য সমস্যা তৈরি করে।\"
\r\nআল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার জানতে চান, মোদি কী জবাব দিয়েছেন। উত্তরে ড. ইউনূস বলেন, \"মোদি জানান, ভারত একটি গণতান্ত্রিক দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। তিনি এটি নিয়ন্ত্রণ করতে পারবেন না।\"
\r\nসাক্ষাৎকারের অন্য অংশে বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে ড. ইউনূস জানান, দেশের রাজনৈতিক দলগুলো যদি ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ নিয়ে একমত হয়, তাহলে আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে বড় পরিসরের সংস্কারের প্রয়োজন হলে নির্বাচন আগামী বছরের (২০২৬) জুনে গড়াতে পারে।





