মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটিই শুল্কের হুমকি ব্যবহার করে থামিয়েছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ দাবি করেন। খবর হিন্দুস্তান টাইমস।

তিনি আরও বলেন, শুল্কের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রিলিয়ন ডলার আয় করেছে এবং এটি অর্থনীতির জন্য লাভজনক হয়েছে।

ট্রাম্প পোস্টে লিখেছেন, “শুল্ক আরোপ করে আমরা বিভিন্ন দেশ থেকে ট্রিলিয়ন-ট্রিলিয়ন ডলার আয় করছি এবং বিনিয়োগ আনছি। আমি আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ সরাসরি থামিয়েছি, শুল্ক আরোপের হুমকি দিয়ে।”

এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে নিশানা করে তিনি দাবি করেন, এখন যুক্তরাষ্ট্রে প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই, যা তার মতে ‘স্লিপি জো বাইডেন’-এর অধীনে সবচেয়ে খারাপ পর্যায়ে ছিল।

ট্রাম্প আরও উল্লেখ করেন, “পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না।”