জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ২১টি কেন্দ্রের মধ্যে ১৯টির গণনা শেষ হয়েছে। এতে শীর্ষ চারটি পদের মধ্যে তিনটিতে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফুল আদিব জিতুর থেকে প্রায় ৮০০ ভোট কম পেয়েছেন। একাধিক বিশ্বস্ত সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছে।
সাধারণ সম্পাদক (জিএস) পদে একচ্ছত্রভাবে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নারী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা এবং এজিএস (পুরুষ) পদে ফেরদৌস হাসান এগিয়ে রয়েছেন।
এদিকে ভোট কারচুপির অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেছেন, যদি কেউ জাল ভোট বা কারচুপির প্রমাণ দিতে পারে, তিনি চাকরি ছেড়ে চলে যাবেন এবং কোনো পেনশনও গ্রহণ করবেন না। শনিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
\r\n\r\n\r\n\r\n
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, দুপুর পর্যন্ত ২১টি কেন্দ্রের মধ্যে ১৯টির গণনা সম্পন্ন হয়েছে। বাকি তিনটি কেন্দ্রের গণনা দুপুর ২টার মধ্যে শেষ হবে। পরে সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।





